Breaking News

২০০-র বেশি নতুন বিধায়ক, তাই বিশেষ প্রশিক্ষণ! ১০০ দিনের মধ্যে ‘পেপারলেস’ বিধানসভার রোডম্যাপ জানালেন স্পিকার রথীন্দ্র বসু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সংসদ এবং সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাকে ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কেন্দ্রীয় প্রকল্প ‘নেভা’-য় আগেই শামিল হয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনে এ রাজ্যের বিধানসভার কাজকর্মও ‘পেপারলেস’ হবে বলে জানালেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাশাপাশি তিনি জানান, বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। তার জন্য রাজ্যে আসবেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।রথীন্দ্র জানিয়েছেন, বিধানসভাকে আগামী দিনে ই-বিধানসভায় রূপান্তরিত করা হবে। কাজ হবে ‘পেপারলেস’। অর্থাৎ, কাগজপত্রের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনলাইন মাধ্যমে কাজ করা হবে। তাতে বিধানসভার সঙ্গে সাধারণ মানুষের যোগ আরও বাড়বে বলে মনে করেন স্পিকার। ওই প্রক্রিয়ায় বিধানসভার যাবতীয় নথি যে কেউ সরাসরি দেখতে পাবেন। সেই সঙ্গে নতুন বিধায়কদের প্রশিক্ষণের জন্য ভিন্‌ রাজ্য থেকে অভিজ্ঞতাসম্পন্ন স্পিকারেরাও পশ্চিমবঙ্গে আসবেন। রথীন্দ্র বলেছেন, ‘‘আমাদের ২০০ জনের বেশি বিধায়ক একেবারে নতুন। তাঁরা অনেক কিছুই জানেন না। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অভিজ্ঞতাসম্পন্ন স্পিকারেরা আসবেন এবং বিধায়কদের সামনে ভাষণ দেবেন। দু’দিনের কর্মশালাও হবে।’’বিধানসভায় প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে স্পিকার বলেছেন, ‘‘বিধানসভাকে আমরা ই-বিধানসভায় রূপান্তরিত করার চেষ্টা করছি। পেপারলেস বিধানসভা হবে। ১০০ দিনের মধ্যে আমরা সেটা সম্পন্ন করার চেষ্টা করব। এতে সাধারণ মানুষ বিধানসভার তথ্য সরাসরি দেখতে পাবেন। কোনও সমস্যা হলে বা কোনও প্রশ্ন থাকলে সরাসরি তা জানাতে পারবেন। পরামর্শও দিতে পারবেন। তাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের যোগদান আরও ব্যাপক হবে।’’রথীন্দ্র বলেন, ‘‘অনেক সময় দেখা যায়, বিধায়ক বা রাজনীতিবিদদের কাছে মানুষ পৌঁছোতে পারেন না। মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক গড়ে তোলা হবে, ততই সমাজ উন্নত হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। এ ছাড়া প্রযুক্তির ধারাবাহিক ব্যবহারের উপরেও আমরা গুরুত্ব দেব।’’ ১৮ তারিখের বাজেট অধিবেশনে বিধানসভার কার্যকলাপ দেখার জন্য আলিপুরদুয়ার থেকে একটি স্কুলের ১০০ জন ছাত্রকে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন স্পিকার। এ ছাড়া, বয়স্ক নাগরিক এবং আইন কলেজের ছাত্রছাত্রীদেরও আনা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *