নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। উদ্ধার কম্বল, শাড়ি, ত্রিপল, দক্ষিণ দমদম পুরসভার প্লাস্টিকের বালতি। মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে খেলার মাঠের ঘরে জমা করে রাখা হয়েছিল, অভিযোগ বিজেপির। ক্লাবের খেলার মাঠের ভেতরের একটি ঘর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী এবং গঙ্গাসাগর মেলার জন্য বরাদ্দ হওয়া উপহারের স্তূপ । বস্তা বস্তা কম্বল, লুঙ্গি থেকে শুরু করে ছোট বাচ্চাদের পোশাক, থরে থরে সাজানো ব্যাগ, উনুন, হাঁড়ি, কড়াই, গামলা – কী নেই সেখানে| এমনকি, কলকাতা পুরসভার সরকারি ছাপ মারা বালতিও উদ্ধার হয়েছে ওই ঘর থেকে।এই ঘটনাকে কেন্দ্র করে লেকটাউন এলাকায় তীব্র রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। অভিযোগের তির সরাসরি ঘুরে গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক সুজিত বসুর দিকে। কারণ, যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে এই শোরগোল, তার দণ্ডমুণ্ডর কর্তা ছিলেন তিনিই। আর যে ঘরটি থেকে এই সমস্ত জিনিস উদ্ধার হয়েছে, সেটি বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।ওয়ার্ডের কাউন্সিলর তথা বিধাননগর পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই সরকারি সামগ্রীগুলি ওই ঘরে মজুত করে রাখা হয়েছিল। দেখভালের অভাবে এবং চরম উদাসীনতায় কোটি কোটি টাকার এই ত্রাণ ও উপহারের সিংহভাগই এখন নষ্ট হতে বসেছে। এই ঘটনা সামনে আসতেই আসরে নেমেছে বিজেপি। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদীপ সিংহ রায় ঘটনাস্থলে পৌঁছে তীব্র ক্ষোভ উগরে দেন। প্রাক্তন শাসকদলকে একহাত নিয়ে তিনি বলেন, “তৃণমূল জমানায় সাধারণ মানুষ বছরের পর বছর ধরে ন্যূনতম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমজনতা যখন প্রাকৃতিক বিপর্যয়ে একটা ত্রিপল বা কম্বলের জন্য হাহাকার করেছেন, তখন সরকারি গুদামে না রেখে এই ক্লাবের ঘরে ত্রাণসামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল।
Hindustan TV Bangla Bengali News Portal