Breaking News

সই জাল কাণ্ডে হাজিরার আগেই নতুন সমন, ডিজে বিতর্কে ফের অভিষেকের দরজায় সিআইডি— তুঙ্গে রাজনৈতিক তরজা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-শুক্রবার বিকেলে আচমকাই কালীঘাটের বাসভবনে পৌঁছয় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। বিধানসভা নির্বাচনের প্রচারে ‘ডিজে বাজানো’ সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় নোটিস দিতে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। তবে সেই সময় বাড়িতে ছিলেন না ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলে তিনি জানান, তদন্তে সহযোগিতা করতে তাঁর কোনও আপত্তি নেই এবং প্রয়োজন হলে সিআইডি আধিকারিকরা যোগাযোগ করে তাঁর সঙ্গে দেখা করতে পারেন।
সন্ধ্যায় প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বলেন, “বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে ভবানী ভবনে গিয়েছিলাম। সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি। ১৪ জুন আবার হাজিরা দেওয়ার কথা রয়েছে। আমি কখনও তদন্ত এড়িয়ে যাইনি, ভবিষ্যতেও যাব না।”
অভিষেকের বক্তব্যের পর ফের তাঁর কালীঘাটের বাসভবনে যান সিআইডি আধিকারিকরা। তবে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে সরাসরি দেখা না হওয়ায় নোটিস গ্রহণ করেন অফিসের এক কর্মী। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই মামলায় আগামী ১৬ জুন সিআইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে ১৪ জুন সই জালিয়াতি সংক্রান্ত মামলায়ও ভবানী ভবনে উপস্থিত হতে হবে অভিষেককে।
সিআইডিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর প্রসঙ্গে অভিষেকের ব্যাখ্যা, “দলনেত্রীর বাড়িতে বৈঠক ছিল। সেই সময় সিআইডির একটি দল নোটিস নিয়ে আসে। আমি আমার সহকারীকে বলেছিলাম নোটিস গ্রহণ করতে। তবে যদি ব্যক্তিগতভাবে আমার হাতেই নোটিস দিতে চান, সে ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করতেই হবে। আমি তদন্ত থেকে পালাচ্ছি না। আগে থেকে যোগাযোগ করে এলে অবশ্যই দেখা করব এবং প্রয়োজনীয় সহযোগিতা করব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *