দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রানাঘাট শাখার নিত্যযাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনের পথে আরও পাঁচটি নতুন স্টপেজ যুক্ত করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে। রেলের আশা, এর ফলে প্রতিদিনের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।
রেল সূত্রে খবর, আগামী ১৫ জুন থেকে পরীক্ষামূলকভাবে ট্রেনটি ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া, হালিশহর এবং শিমুরালি স্টেশনে দাঁড়াবে। নির্দিষ্ট সময় পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাত্রীদের সাড়া ও প্রয়োজন খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন হিসেবে শিয়ালদহ-রানাঘাট রুটে এই পরিষেবা চালু হয়েছিল। অফিসযাত্রীদের দ্রুত যাতায়াতের সুবিধার জন্য ট্রেনটি সীমিত সংখ্যক স্টেশনে দাঁড়াত। কিন্তু বহু যাত্রীর অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনে স্টপেজ না থাকায় তাঁদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ।
নতুন সময়সূচি অনুযায়ী, শিয়ালদহ থেকে ছাড়া ৩১৬৩৭ নম্বর এসি লোকাল ইছাপুরে পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে। জগদ্দলে পৌঁছবে ৭টা ৩৯ মিনিটে, কাঁকিনাড়ায় ৭টা ৪২ মিনিটে এবং হালিশহরে ৭টা ৫৪ মিনিটে। শিমুরালি স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে রাত ৮টা ১২ মিনিটে।
অন্যদিকে, রানাঘাট থেকে ছাড়া সকালের এসি লোকাল শিমুরালি স্টেশন ছাড়বে সকাল ৮টা ৪৫ মিনিটে। এরপর হালিশহর, কাঁকিনাড়া, জগদ্দল ও ইছাপুর স্টেশন থেকে যথাক্রমে সকাল ৯টা ২ মিনিট, ৯টা ১৩ মিনিট, ৯টা ১৬ মিনিট এবং ৯টা ২৩ মিনিটে যাত্রা করবে।
রেল কর্তৃপক্ষের মতে, নতুন এই পাঁচটি স্টপেজ চালু হলে রানাঘাট শাখার বিপুল সংখ্যক নিত্যযাত্রী সরাসরি উপকৃত হবেন। পরীক্ষামূলক পর্যায়ে যাত্রীদের সাড়া ইতিবাচক হলে ভবিষ্যতে এই স্টপেজগুলি স্থায়ী করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Hindustan TV Bangla Bengali News Portal