নিজস্ব সংবাদদাতা :-কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহকে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ তুলে সরব হল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, দ্রুত তৃণমূল সাংসদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। শনিবার শ্রীরামপুর থানায় স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে একাধিক জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে কড়া এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।অভিযোগকারীদের দাবি, ওই বক্তব্যে অমিত শাহকে ‘গুন্ডা’, ‘জল্লাদ’, ‘কাপুরুষ’ এবং ‘কমপ্লিটলি ডার্টি ম্যান’ বলে উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্যও করা হয়েছিল বলে অভিযোগ।
অভিযোগকারী ভাস্কর ঘোষ বলেন, ‘‘আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সব কথা বলেছেন, তা শাস্তিযোগ্য অপরাধ। ওঁকে দ্রুত গ্রেফতার করতে হবে। কল্যাণ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়েও কটূ এবং কুরুচিকর মন্তব্য করেছেন।’’
কল্যাণের বিরুদ্ধে শাহকে ‘কুরুচিকর আক্রমণ’ ছাড়াও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে।অভিযোগকারীর দাবি, ২০২১ সালে বিধানসভা ভোটের সময় এবং পরবর্তী সময়ে অশান্তি ছড়াতে প্ররোচনা দিয়েছেন সাংসদ। দাঙ্গা পরিস্থিতি তৈরিতে তিনি অভিযুক্ত।শ্রীরামপুরের বাসিন্দা ভাস্কর শ্রীরামপুর থানায় গিয়ে বলেছেন, এর আগেও একাধিকবার শ্রীরামপুরের সাংসদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নামে খারাপ কথা বলেছেন। তাঁর দাবি, পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, শুক্রবার রিষড়া থানাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে একই রকম অভিযোগ করেছেন বিজেপির এক কাউন্সিলর। যদিও এ নিয়ে তৃণমূলের আইনজীবী সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Hindustan TV Bangla Bengali News Portal