Breaking News

ভবানীপুরের ভোটে কারচুপি ও গণনায় অনিয়মের অভিযোগ, ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে আচমকাই হাই কোর্টে পৌঁছে ভবানীপুর কেন্দ্রের ভোটের ফল নিয়ে একটি নির্বাচন সংক্রান্ত মামলা (ইলেকশন পিটিশন) দাখিল করেন তিনি। পাশাপাশি আদালতে হলফনামাও জমা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।এদিন মমতার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করেই মমতার হাই কোর্টে উপস্থিতি ঘিরে আইনজীবী মহল ও আদালত চত্বরে জোর কৌতূহল তৈরি হয়। দলীয় সূত্রে খবর, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর থেকেই ফলাফল নিয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছিল। প্রায় ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হন শুভেন্দু। এবার সেই ফলাফলকেই আদালতে চ্যালেঞ্জ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর ভোটের ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা। সেই মামলার বিচার এখনও চলছে। ভবানীপুরের ক্ষেত্রেও একই পথে হাঁটলেন তিনি।
ইলেকশন পিটিশন দাখিলের পর তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভবানীপুরে ভোট গণনার সময় একাধিক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, ১২ রাউন্ড গণনার পর তৃণমূলের এক এজেন্টকে মারধর করে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালে নন্দীগ্রামের যে রিটার্নিং অফিসার দায়িত্বে ছিলেন, ২০২৬ সালেও ভবানীপুরে তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোট মিটতেই ওই আধিকারিককে মুখ্যমন্ত্রীর ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ করা হয় বলেও দাবি করেন তিনি।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়া ও প্রশাসনিক সিদ্ধান্তের ধারাবাহিকতায় এমন একাধিক ঘটনা ঘটেছে, যা ভোটের ফলাফলকে প্রভাবিত করেছে বলে তাঁদের সন্দেহ। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ভবানীপুরের ভোটের ফল নিয়ে আদালতে মামলা দায়ের হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এখন আদালতের পর্যবেক্ষণ ও পরবর্তী শুনানির দিকেই নজর রাজনৈতিক |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *