Breaking News

রাত গড়ালেও সিজিওতেই অভিষেক! ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরও শেষ হয়নি ইডি-র প্রশ্নপর্ব, রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে গতি আনতে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী । কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে তাঁকে বেলা ১১টায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের কিছু আগেই ইডি দফতরে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ। তবে দফতরে প্রবেশের সময় সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।সূত্রের খবর, দিন গড়িয়ে রাত হলেও জিজ্ঞাসাবাদ চলতে থাকে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইডি-র জেরার সময়সীমা ৯ ঘণ্টা অতিক্রম করেছে। নিয়োগ দুর্নীতি মামলার একাধিক দিক নিয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।উল্লেখযোগ্যভাবে, অভিষেকের এই হাজিরাকে কেন্দ্র করে সিজিও কমপ্লেক্সে অন্য সময়ের মতো কড়া নিরাপত্তা বা বিশেষ তৎপরতা দেখা যায়নি। অতিরিক্ত পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। সাংবাদিকদের যাতায়াতেও তেমন কোনও বিধিনিষেধ ছিল না। অতীতে অভিষেক সিজিও কমপ্লেক্সে এলে গোটা এলাকা ঘিরে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হত, কিন্তু সোমবারের চিত্র ছিল অনেকটাই ভিন্ন।এর আগের দিন, রবিবার, রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-র ডাকে ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক। বিধানসভার সই জালিয়াতি মামলায় টানা সাড়ে আট ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই মামলায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ-কেও ডাকা হয়েছিল। তদন্তকারী সূত্রের দাবি, দু’জনকে মুখোমুখি বসিয়েও একপর্যায়ে জেরা করা হয়েছে।
ভবানী ভবন থেকে বেরিয়ে রবিবার রাতে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাড়িতে যান বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। তার পরদিনই ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।
তদন্তের চাপ অবশ্য এখানেই শেষ হচ্ছে না। মঙ্গলবার ফের সিআইডি-র সামনে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে অভিষেকের। পাশাপাশি, তাঁর একটি মন্তব্যকে ঘিরে সল্টলেক থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে বুধবারও তাঁকে আবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চায় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। ফলে টানা তিন দিন কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়ে রাজনৈতিকভাবে চাপে রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অন্যতম মুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *