দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের নতুন সম্ভাবনার ইঙ্গিত দিল রাজ্য সরকার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যেই অন্তত ৪২ জন শিল্পপতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের প্রত্যেককে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি।নবান্ন সূত্রে খবর, আগামী বাজেট অধিবেশনে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। ক্ষমতায় আসার পর থেকেই শিল্পোন্নয়নকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে শুভেন্দু অধিকারীর সরকার। শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে রাজ্যে নতুন করে বিনিয়োগ টানাই এখন সরকারের মূল লক্ষ্য।
তাপস রায় জানিয়েছেন, তিনি নিজে বিভিন্ন শিল্পগোষ্ঠী ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করবেন। টাটা-সহ দেশের একাধিক বড় শিল্প সংস্থার সঙ্গে আলোচনারও পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন বলে দাবি তাঁর।শিল্পমন্ত্রীর অভিযোগ, আগের সরকারের আমলে তোলাবাজি, প্রশাসনিক জটিলতা এবং শিল্প-বিরোধী পরিবেশের কারণে বহু বিনিয়োগকারী রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সেই পরিস্থিতি বদলে পশ্চিমবঙ্গকে আবারও শিল্পের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গায় ফিরিয়ে আনাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের অর্থনীতি ও শিল্পক্ষেত্রের দুরবস্থাকে অন্যতম ইস্যু করেছিল বিজেপি। সরকার গঠনের পর সেই অবস্থার পরিবর্তনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যে শিল্প ও অর্থনৈতিক পুনরুজ্জীবনের রূপরেখা তৈরির কাজে নীতি আয়োগকেও যুক্ত করা হয়েছে।ডবল ইঞ্জিন সরকারের সুবিধা কাজে লাগিয়ে দ্রুত নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্পায়নের পরিবেশ তৈরি হবে বলে আশাবাদী রাজ্য সরকার। আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ হওয়ার কথা। নতুন সরকারের শিল্প ও অর্থনৈতিক নীতির রূপরেখা কী হবে, সেদিকেই এখন নজর শিল্পমহল থেকে সাধারণ মানুষের।
Hindustan TV Bangla Bengali News Portal