প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রায় সাড়ে ছয় ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারের পর মঙ্গলবার ফের সিআইডির ডাকে হাজিরা দেন তিনি। এবার তাঁকে তলব করা হয়েছিল নির্বাচনী প্রচারে করা একটি বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তে।মঙ্গলবার নির্ধারিত সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ। দুপুর প্রায় ১২টা নাগাদ শুরু হয় জিজ্ঞাসাবাদ। টানা সাড়ে ছয় ঘণ্টা ধরে প্রশ্নোত্তর পর্ব চলার পর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভবন থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে বেরিয়ে যাওয়ার সময় তদন্ত বা জিজ্ঞাসাবাদ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।সূত্রের খবর, ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক। সেখানে চলা একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে তিনি যোগ দেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে বিজেপিকে উদ্দেশ করে করা একটি মন্তব্যকে ঘিরেই এই তদন্ত শুরু হয়েছে। এক জনসভায় অভিষেক বলেছিলেন, “৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজবে। যারা বেশি লম্ফঝম্প করছেন, তাঁরা মনে রাখবেন, আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।” সেই বক্তব্যকে কেন্দ্র করে প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। পরে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।
গত শুক্রবার তদন্তকারীরা অভিষেকের বাড়িতে গিয়ে সমন পাঠান। সেই সমনের জবাব দিতেই মঙ্গলবার ভবানী ভবনে হাজিরা দেন তিনি। এর আগে রবিবার বিধানসভায় সই জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।তদন্তকারী সংস্থা ভবিষ্যতে এই মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে দিনের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁর কালীঘাটে যাওয়া এবং দলীয় বৈঠকে যোগ দেওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal