Breaking News

ঝাঁটা হাতে বাগবাজারের মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গঙ্গা পরিষ্কার অভিযানের মধ্য দিয়ে শুরু হল রাজ্যব্যাপী ‘স্বচ্ছ বাংলা’ কর্মসূচি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যজুড়ে ঘোষিত স্বচ্ছতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করতে বুধবার সকালে বাগবাজারের মায়ের ঘাটে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গার ঘাট পরিষ্কার থেকে বৃক্ষরোপণ, মন্দিরে পুজো— একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যবাসীর কাছে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলা গড়ার বার্তা দেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায়-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধি। ঘাটে পৌঁছে প্রথমেই বৃক্ষরোপণ করেন শুভেন্দু। এরপর মন্দিরে গিয়ে পুজো দেন এবং বিগ্রহে মাল্যদান করেন। তারপর ঘাট এলাকা ঘুরে দেখার পর ঝাঁটা হাতে নিজেই নেমে পড়েন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে। তাঁর দেখাদেখি অভিযানে অংশ নেন উপস্থিত অন্যান্য মন্ত্রী ও প্রশাসনিক কর্তারাও।
স্বচ্ছতা অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্নতাকেও সমান গুরুত্ব দিতে হবে। তাঁর কথায়, “শুধু উন্নয়ন করলেই হবে না, গোটা কলকাতা এবং গোটা রাজ্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের নিতে হবে।”
গঙ্গা দূষণমুক্ত করার ওপরও বিশেষ জোর দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাকে আরও পরিষ্কার ও নির্মল করে তুলতে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ শুরু হয়েছে। আগামী দিনে কেন্দ্রের ‘নমামী গঙ্গে’ প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখে গঙ্গা সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের কাজ আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কয়েক দিন আগেই রাজ্য সরকারের তরফে পাঁচ দিনের ‘স্বচ্ছতা অভিযান’-এর ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচি অনুযায়ী ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযানের দিন হিসেবে নির্ধারিত ছিল। কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই সূচনা হল বুধবার সকালে বাগবাজারের মায়ের ঘাট থেকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *