দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার্থীদের জন্য এল সুখবর। আগামী বৃহস্পতিবার, ১৮ জুন প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বরের সাহায্যে রেজাল্ট চেক করা যাবে। একই সঙ্গে বিকেল সাড়ে ৪টা থেকে ডাউনলোড করা যাবে র্যাঙ্ক কার্ডও।
প্রকৌশল, প্রযুক্তি, স্থাপত্য এবং ফার্মেসি বিষয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের ২৪ মে অনুষ্ঠিত হয়েছিল WBJEE। রাজ্যজুড়ে মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ২৬৪টি কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে, পাশাপাশি ত্রিপুরার দুটি এবং অসমের একটি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা যাতে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস-সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ ছিল।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় সল্টলেকের সেক্টর-১ এলাকায় বোর্ডের প্রধান কার্যালয় ‘রূপান্ন’-এ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর নির্ধারিত সময়ের অনেক পরে, প্রায় তিন মাস বিলম্বে প্রকাশিত হয়েছিল WBJEE-র ফল। সেই বিলম্ব নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছিল। তবে এবার পরীক্ষা হওয়ার মাত্র ২৬ দিনের মধ্যেই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছে স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal