Breaking News

তৃণমূলে ফের অস্বস্তি! অসুস্থতার কারণ দেখিয়ে মমতাকে চিঠি, দলের সব পদ থেকে সরে দাঁড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের জোর রাজনৈতিক চর্চার জন্ম দিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে ‘বালু’। দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো একটি চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয়। সেখানে শারীরিক অসুস্থতার কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন তিনি।দীর্ঘদিন ধরেই তৃণমূলের অন্যতম বিশ্বস্ত মুখ হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিক। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকেই তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীদের একজন। দলের বিভিন্ন আন্দোলন, সাংগঠনিক কর্মসূচি এবং নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সেই কারণেই বছরের পর বছর দলনেত্রীর আস্থা অর্জন করেছিলেন জ্যোতিপ্রিয়। একাধিকবার বিধায়ক হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন তিনি।উল্লেখযোগ্যভাবে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি হওয়ার পরও তাঁর প্রতি আস্থা হারাননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভা-সমাবেশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বারবার দাবি করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছে। এমনকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করেছিল দল। যদিও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি তিনি।
গত শনিবারই জ্যোতিপ্রিয় মল্লিককে দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য করা হয়েছিল। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছিলেন, নির্বাচনী পরাজয়ের পরও দলের অন্দরে তাঁর গুরুত্ব অটুট রয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তের এক সপ্তাহও কাটেনি, তার মধ্যেই সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা কার্যত নতুন জল্পনার জন্ম দিয়েছে।তবে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে এলেও, জ্যোতিপ্রিয় মল্লিক নিজে পদত্যাগের কারণ হিসেবে শুধুমাত্র শারীরিক অসুস্থতার কথাই জানিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে তৃণমূলের অন্দরে এবং রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। দলের একদা অন্যতম ভরসাযোগ্য সৈনিকের এই পদক্ষেপ আগামী দিনে কোনও নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে কি না, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *