প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে ফের নতুন মোড়। ঘটনার রাতে প্রমাণ লোপাট এবং তদন্তের গতিপ্রকৃতি প্রভাবিত করার অভিযোগ খতিয়ে দেখতে এবার প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (SIT)। আগামী সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।বিনীত গোয়েলকে তলব করার আগে শুক্রবার সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল দুই সাসপেন্ডেড আইপিএস অফিসার—তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। কয়েক ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ঘটনার রাতের পুলিশি পদক্ষেপ, হাসপাতাল চত্বরে প্রশাসনিক সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে নেওয়া ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় দুই আধিকারিককে।
সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও সংগ্রহ করেছে সিবিআই। ওই নথিগুলির সঙ্গে আধিকারিকদের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ঘটনার পর কোনও তথ্য গোপন করা হয়েছিল কি না বা প্রমাণ নষ্টের কোনও চেষ্টা হয়েছিল কি না।এদিকে আরজি কর-কাণ্ডে নতুন করে শুরু হওয়া তদন্তে একাধিক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। নির্যাতিতার মরদেহ সৎকারকে ঘিরে ওঠা অভিযোগের সূত্র ধরেই তাঁর কাছ থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।
তদন্তের এই নতুন পর্যায়ে প্রাক্তন পুলিশ কমিশনার থেকে শুরু করে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্তাদের ভূমিকা গভীরভাবে খতিয়ে দেখছে সিবিআই। ফলে আরজি কর-কাণ্ডে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল।
Hindustan TV Bangla Bengali News Portal