প্রসেনজিৎ ধর, কলকাতা :-২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে ফের আইনি চাপে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় প্রধান রাস্তা বন্ধ করে সভা আয়োজনের অভিযোগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস জারির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়।
মামলাকারীদের দাবি, ২০১৮ সালে কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়েছিল, শহরের কোনও প্রধান বা ব্যস্ত রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে সভা বা সমাবেশ করা যাবে না। পথচারী ও যানবাহনের চলাচলের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনওরকম বিঘ্ন ঘটানো যাবে না। অভিযোগ, সেই নির্দেশ সত্ত্বেও ২০২৫ সালে ধর্মতলায় রাস্তা আটকে শহিদ দিবসের কর্মসূচি পালন করে তৎকালীন শাসকদল তৃণমূল।এই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া আদালত অবমাননার মামলার শুনানিতে হাই কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।আদালতের পূর্ববর্তী নির্দেশে আরও বলা হয়েছিল, সভা বা মিছিলের কারণে জরুরি পরিষেবা, বিশেষত অ্যাম্বুল্যান্স চলাচলে বাধা তৈরি করা যাবে না। প্রয়োজন হলে বিকল্প রাস্তার ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি কোনও ধরনের ভাঙচুর বা অশান্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।
এদিকে, আর এক মাস পরেই তৃণমূলের বার্ষিক ২১ জুলাই শহিদ দিবস। তার আগে আদালতের এই নোটিস রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। এখন নজর ৩ জুলাইয়ের শুনানির দিকে, যেখানে আদালতে নিজেদের বক্তব্য পেশ করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Hindustan TV Bangla Bengali News Portal