Breaking News

পশ্চিমবঙ্গ দিবসে ইতিহাস চর্চা নিয়ে নতুন বিতর্ক, স্কুলের বইয়ে ‘হিন্দু নিধনের’ প্রসঙ্গ অন্তর্ভুক্ত করার দাবি তাপস রায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রথমবার সরকারি উদ্যোগে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। আর সেই অনুষ্ঠান থেকেই বাংলার স্কুলের পাঠ্যক্রমে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায়ও ইতিহাসের বিভিন্ন অধ্যায়, বিশেষত দেশভাগ ও সাম্প্রদায়িক হিংসার ঘটনাগুলি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার পক্ষে সওয়াল করেন।শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিধানসভা ও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে রাজ্যের ইতিহাস নিয়ে আলোচনা হয়। সেই প্রসঙ্গেই তাপস রায় বলেন, ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনা নতুন প্রজন্মের কাছে অজানা রয়ে গিয়েছে। তাঁর দাবি, কলকাতা, নোয়াখালি ও ঢাকায় সাম্প্রদায়িক হিংসার মতো ঘটনাগুলিও পাঠ্যক্রমে স্থান পাওয়া উচিত, যাতে ছাত্রছাত্রীরা অতীত সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারে।
অন্যদিকে বিজেপির রাজ্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ইতিহাস সম্পর্কে আজও অনেক বাঙালি অবগত নন বলেই দাবি করেন তিনি।সুকান্তের কথায়, “পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হয়েছে, তার পিছনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সেই ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন। তাই রাজ্যের পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে অন্তত একটি পৃথক অধ্যায় রাখা উচিত।”তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ দিবস শুধু একটি আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং রাজ্যের জন্ম ও তার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে মানুষকে সচেতন করারও একটি সুযোগ। সেই কারণেই ইতিহাসের এই অধ্যায়কে শিক্ষার মূল স্রোতে আনার দাবি জানান বিজেপি নেতা।
পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইতিহাসের কোন কোন অধ্যায় পাঠ্যবইয়ে স্থান পাবে, তা নিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও আলোচনা ও মতবিনিময় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *