প্রসেনজিৎ ধর :-পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার তারকেশ্বরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখান থেকেই রাজ্য ও দেশের জন্য একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। কৃষি, মৎস্য, সড়ক ও রেল পরিকাঠামো— বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে বাংলার উন্নয়নের বার্তা দেন প্রধানমন্ত্রী।তারকেশ্বরের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশন, প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনা-সহ কৃষকদের জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির অর্থও সরাসরি দেশের ৯.৪৪ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান। এই খাতে মোট ১৮,৮৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়।
এদিন বাংলার জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিকীকৃত মৎস্য বন্দর, বীরভূমের সাঁইথিয়ার আধুনিক মাছ বাজার এবং নদিয়ার হরিঘাটায় ছাগল প্রতিপালনের জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করা হয়।রেল ক্ষেত্রেও একাধিক প্রকল্পের সূচনা করেন মোদী । হাওড়ায় ৩০০ শয্যাবিশিষ্ট রেলওয়ে ডিভিশনাল হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরের মধ্যে নতুন রেল ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধন করা হয় সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পও। এছাড়াও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-৩-এর আওতায় ৪৯টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রায় ৩১৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ প্রকল্প গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
বিকেল চারটের কিছু পরে প্রধানমন্ত্রীর কপ্টার তারকেশ্বরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা ও মন্ত্রীরাও। ‘বন্দে মাতরম’-এর সুরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে বাংলার ঐতিহ্যবাহী রসগোল্লার হাঁড়ি ও জলভরা সন্দেশ তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে শিবলিঙ্গ ও ডোকরার দুর্গামূর্তিও উপহার দেওয়া হয় তাঁর হাতে। পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাসের মাধ্যমে কৃষি, মৎস্য, সড়ক ও রেল পরিকাঠামোয় উন্নয়নের নতুন বার্তা দিল কেন্দ্র সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal