প্রসেনজিৎ ধর, কলকাতা :-পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে উৎসবের রঙে সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা। শনিবার সন্ধ্যা নামতেই নানা বর্ণের আলোয় ঝলমল করে উঠল শহরের অন্যতম পরিচিত স্থাপত্য হাওড়া ব্রিজ। কখনও তেরঙা আলোর ছটা, কখনও আবার লাল, নীল ও সবুজের রঙিন খেলা— আলোকসজ্জায় নতুন রূপে ধরা দিল ঐতিহাসিক সেতু। সেই সঙ্গে সেতুর গা থেকে গঙ্গার বুকে ছড়িয়ে পড়ল মনোমুগ্ধকর লেজার শো, যা দেখতে ভিড় জমালেন অসংখ্য মানুষ।
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গত কয়েকদিন ধরেই শহরজুড়ে চলছিল সাজসজ্জার প্রস্তুতি। শনিবার পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতাঁর সফরকে কেন্দ্র করেও নিরাপত্তা ও সৌন্দর্যায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শুধু হাওড়া ব্রিজ নয়, রেড রোড, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকা রঙিন আলোর সাজে সেজে উঠেছে। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে লেজার শোয়ের। রাতের কলকাতাকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ ড্রোন শোয়ের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ফলে উৎসবের আবহে শহরের রাস্তায় মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।রবিবার সকালে রেড রোডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী কলকাতায় ফিরে লোক ভবনে রাত্রিবাস করেন। রবিবার যোগ দিবসের অনুষ্ঠান শেষে তাঁর দিল্লি ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে অতীতে রাজ্য ও কেন্দ্রের মধ্যে মতপার্থক্য ছিল। বিজেপি দীর্ঘদিন ধরে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের পক্ষে সওয়াল করে এসেছে। অন্যদিকে পূর্ববর্তী তৃণমূল সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করত। সরকার পরিবর্তনের পর এবার প্রথমবার ২০ জুন সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হল রাজ্যে।
পশ্চিমবঙ্গ দিবসের আবেগ, প্রধানমন্ত্রীর সফর এবং আন্তর্জাতিক যোগ দিবস— এই তিনের মেলবন্ধনে শনিবার রাতের কলকাতা যেন উৎসবের আলোয় নতুন রূপে ধরা দিল।
Hindustan TV Bangla Bengali News Portal