Breaking News

ডুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্রয় একসঙ্গে নৌসেনার বহরে, কলকাতায় মোদীর উপস্থিতিতে ইতিহাস গড়তে চলেছে ভারতীয় নৌবাহিনী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আগামী মাসে কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক নৌযান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘আত্মনির্ভর ভারত’-এর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের নৌ-শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বড় সাফল্য।
নৌসেনার বহরে যুক্ত হতে চলেছে তিনটি আধুনিক জাহাজ— স্টিলথ ফ্রিগেট ডুনাগিরি, জরিপ জাহাজ আইএনএস সংশোধক এবং অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ আইএনএস অগ্রয়। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধক্ষমতা, নজরদারি এবং সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করতেই এই তিন জাহাজকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত। জাহাজগুলির নকশা তৈরি করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এবং নির্মাণের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। উদ্বোধনের পর একযোগে দেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষার কাজে নামবে এই তিন নৌযান।
প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, *ডুনাগিরি* হল প্রজেক্ট ১৭এ-র অন্তর্গত অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট। উন্নত সেন্সর, রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত এই যুদ্ধজাহাজ ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। সমুদ্রপথে আক্রমণ ও প্রতিরোধ— উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এটি।
অন্যদিকে *আইএনএস সংশোধক* দেশের অন্যতম আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ। উপকূলীয় ও গভীর সমুদ্রের মানচিত্র তৈরি, নৌপথ চিহ্নিতকরণ এবং প্রতিরক্ষা ও বেসামরিক বিভিন্ন তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জাহাজ।
এছাড়া *আইএনএস অগ্রয়* হল আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্র এলাকায় শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এটিকে। অত্যাধুনিক সোনার সিস্টেম, টর্পেডো এবং দেশীয় রকেট লঞ্চারে সজ্জিত এই জাহাজ সমুদ্রের তলা থেকে আসা যে কোনও হুমকির মোকাবিলায় সক্ষম।প্রধানমন্ত্রীর হাত ধরে এই তিন যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে দেশীয় প্রযুক্তির সক্ষমতা আরও একবার বিশ্বের সামনে তুলে ধরা হবে বলে মনে করছে প্রতিরক্ষা মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *