দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারী সরকার। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ঘোষণা করেন।রাজ্যের সরকারি কর্মী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ ডিএ পান। সোমবার বাজেট প্রস্তাবে অতিরিক্ত ২০ শতাংশ ঘোষণা করা হলো। অর্থাৎ মোট ডিএ-র হার হলো ৩৮ শতাংশ। যাঁরা পেনশন পান, তাঁরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিআর (ডিয়ারনেস রিলিফ) পাবেন। যা ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকরী হবে।
তবে ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ব্যবধান পুরোপুরি ঘুচছে না। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। সম্প্রতি কেন্দ্র আরও ২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। সেই হিসেবে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ব্যবধান এখনও ২২ শতাংশ রয়ে গেল।
বিধানসভায় বাজেট ভাষণে স্বপন দাশগুপ্ত বলেন, “বর্তমান ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়া হবে। ফলে মোট ডিএর হার দাঁড়াবে ৩৮ শতাংশে। আগামী ১ অক্টোবর থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণাকে স্বাগত জানিয়ে জানান, “পুজোর মরশুমের মধ্যেই কর্মীদের হাতে অতিরিক্ত ২০ শতাংশ ডিএ পৌঁছে যাবে। বাকি ব্যবধানও ধাপে ধাপে কমানো হবে। আগামী একটি বাজেটের মধ্যে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই নতুন পে কমিশন কার্যকর করার লক্ষ্য রয়েছে।”
ডিএ বৃদ্ধির এই ঘোষণায় রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির বার্তা পৌঁছেছে। যদিও কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক এখনও রয়ে গেছে, তবুও দীর্ঘদিন পর এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal