প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একগুচ্ছ বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারী সরকার। সোমবার বিধানসভায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করেন। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ভাতা, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণিমিত্র এবং আশাকর্মীদের ভাতা বৃদ্ধির কথাও জানানো হয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরির এক লক্ষ শূন্যপদের মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া ২০ হাজার পুলিশ কর্মী এবং ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, যেখানে প্রযোজ্য সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখা হবে।
নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করতে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী দু’বছর এই বিশেষ ছাড় কার্যকর থাকবে। বর্তমানে গ্রুপ-এ পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪১ বছর, গ্রুপ-বি পদে ৪৪ বছর এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে ৪৫ বছর করা হয়েছে।
এদিন বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণিমিত্রদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আশাকর্মীদের মাসিক সম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধির কথাও জানানো হয়েছে। আগামী আগস্ট মাস থেকেই বর্ধিত এই ভাতা কার্যকর হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
এবার বেকার যুবক-যুবতীদের জন্যও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ২১ থেকে ৪৫ বছর বয়সি শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চালু করা হচ্ছে ‘ভরসা কর্মসূচি’। এই প্রকল্পের আওতায় যোগ্য স্নাতক বেকারদের মাসিক ৩ হাজার টাকা এবং অন্যান্য যোগ্য শিক্ষিত বেকারদের মাসিক ২ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী অক্টোবর ২০২৬ থেকে এই প্রকল্প কার্যকর হবে। যেসব পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই এই প্রকল্পের আওতায় আসবেন। আগে ‘যুব সাথী’ প্রকল্পে মাসিক ১,৫০০ টাকা ভাতার ব্যবস্থা ছিল। নতুন ‘ভরসা কর্মসূচি’-তে সেই আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal