দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজের জন্য চলতি মাসের শেষ সপ্তাহ এবং আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে দু’দফায় বন্ধ রাখা হবে চিংড়িঘাটা ফ্লাইওভার। জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ট্রাফিক বিভাগ একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বিকল্প রুটের নির্দেশ দিয়েছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নির্মাণকাজের অংশ হিসেবে আরভিএনএল-এর তত্ত্বাবধানে সুকান্ত নগর এলাকায় বিশ্ব বাংলা সরণির উপর মেট্রো পিলারের মধ্যে ভারী গার্ডার বসানোর কাজ করা হবে। এই কাজ চলাকালীন কোনওরকম দুর্ঘটনার আশঙ্কা এড়াতেই ফ্লাইওভারে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
*কবে কবে বন্ধ থাকবে ফ্লাইওভার?*
প্রথম পর্যায়ে আগামী ২৬ জুন (শুক্রবার) রাত ৮টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। এরপর দ্বিতীয় পর্যায়ে ৩ জুলাই (শুক্রবার) রাত ৮টা থেকে ৬ জুলাই (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ফের বন্ধ থাকবে যান চলাচল।
*কোন পথে যান চলাচল? বিকল্প রুট জেনে নিন*
ফ্লাইওভার বন্ধ থাকার সময়ে উত্তরমুখী যানবাহন, যেগুলি সাধারণত চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহার করে সল্টলেক বা নিউটাউনের দিকে যায়, সেগুলিকে বেলেঘাটা মেন রোড এবং ইএম বাইপাস ক্রসিং হয়ে ব্রডওয়ের দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রাফিক কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকবেন বলেও জানিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের দাবি, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার অফিস টাইম শুরুর আগেই ফ্লাইওভার খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ওই দিনগুলিতে ইএম বাইপাস এবং সংলগ্ন এলাকায় যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই যাত্রী ও গাড়িচালকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার পরামর্শ দিয়েছে লালবাজার।
Hindustan TV Bangla Bengali News Portal