প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে একই মামলায় তাঁর স্বামী ও বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। পাশাপাশি দু’জনকেই তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিজনদের নামে স্থানান্তর করা হয়েছিল। রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি, অর্থপাচার এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ উঠেছে। নির্বাচনী হলফনামায় প্রকৃত সম্পত্তির পরিমাণ কম দেখানো হয়েছিল বলেও অভিযোগ।এছাড়াও বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং জমি দখলের মাধ্যমে বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে এই রাজনৈতিক দম্পতির বিরুদ্ধে। মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, কালিম্পঙে থাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও আরও কয়েকটি অ্যাকাউন্ট থেকে ভোটের আগে টাকা সরিয়ে ফেলা হয়েছিল। দেবরাজের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই ব্যক্তির গ্রেফতারির বিষয়টিও আদালতে তুলে ধরা হয়।
বুধবার আদালত পর্যবেক্ষণ করে জানায়, অদিতি মুন্সির চার মাসের একটি শিশুসন্তান রয়েছে। সেই বিষয়টি বিবেচনা করেই তাঁকে আগাম জামিন দেওয়া হচ্ছে। তবে একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না। পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি আপাতত বাগুইআটি থানা এলাকার মধ্যে প্রবেশ করতে পারবেন না অদিতি মুন্সি।অন্যদিকে, দেবরাজ চক্রবর্তীকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও তাঁকে আগাম জামিন দিতে রাজি হয়নি আদালত। ফলে এই মামলায় আপাতত স্বস্তি মিলেছে অদিতির, কিন্তু স্বামীর ক্ষেত্রে অনিশ্চয়তা বহাল থাকল।
Hindustan TV Bangla Bengali News Portal