দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গ্রেফতারির আশঙ্কা এড়াতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সবংয়ের সাত বারের বিধায়ক মানস ভুঁইয়া। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আবেদন পেশ করা হয়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে বলে সূত্রের খবর।
আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সবং থানায় মানস ভুঁইয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী বিকাশকুমার টুং নামে সবংয়ের এক বাসিন্দা। তাঁর দাবি, তেমাথানি ইরিগেশন বাংলোয় কেয়ারটেকারের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। যদিও চাকরিতে যোগ দেওয়ার মাত্র দু’মাসের মধ্যেই ওই মহিলাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়| অভিযোগকারীর পরিবারের দাবি, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের জেরেই চাকরি হারাতে হয়েছে ওই মহিলাকে। চাকরির জন্য বিপুল অঙ্কের টাকা দেওয়ার পরও কেন এত দ্রুত কাজ চলে গেল, সেই প্রশ্ন তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারটি।উল্লেখ্য, গত ১৩ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানেন মানস ভুঁইয়া। শুধু বিধায়ক পদ নয়, দলের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করেন তিনি। এরপরই তাঁর বিরুদ্ধে সবং থানায় এফআইআর দায়ের হয়।
অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই মানস ভুঁইয়ার অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। রাজনৈতিক মহলে আলোচনা ছিল, তিনি প্রকাশ্যে না এসে আইনি পরামর্শ নিচ্ছেন। অবশেষে বুধবার সরাসরি হাই কোর্টে আবেদন জানিয়ে সম্ভাব্য গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়েছেন প্রাক্তন মন্ত্রী।এখন নজর আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে। অন্তর্বর্তীকালীন কোনও রক্ষাকবচ বা আগাম স্বস্তি মানস ভুঁইয়া পান কি না, সেটাই দেখার। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তও কোন দিকে এগোয়, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
Hindustan TV Bangla Bengali News Portal