Breaking News

তারাতলা ট্র্যাজেডিতে কাঁদছে বাংলা! শোকবার্তা প্রধানমন্ত্রী মোদীর,মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, আহতদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়েছে। একইসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহত শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।প্রধানমন্ত্রীর দফতর (PMO)-র তরফে এক্স হ্যান্ডেলে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “কলকাতায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।” এদিকে, দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান এখনও অব্যাহত। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের খোঁজে সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল এবং রাজ্য প্রশাসনের বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করছে। ঘটনাস্থলে এখনও ছড়িয়ে রয়েছে বিশাল লোহার বিম, ভাঙা কংক্রিটের চাঙড় এবং নির্মাণসামগ্রীর স্তূপ। প্রতিটি অংশ সরিয়ে খতিয়ে দেখা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে গতি আনতে সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। বিশেষ ক্যামেরা ও অনুসন্ধানী যন্ত্র ধ্বংসস্তূপের ফাঁকফোকরে প্রবেশ করিয়ে ভিতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে গোটা রাত ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল খাঁ। পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। কেন্দ্র ও রাজ্যের উদ্ধারকারী বাহিনী সমন্বয় রেখে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালিয়ে যাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *