দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:-দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা রাজ্য নির্বাচন কমিশনারের পদে অবশেষে নতুন নিয়োগ করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে আইএএস অফিসার ড. কৃষ্ণ গুপ্তাকে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের ৩০ জুন আইএএস পদ থেকে অবসর নেওয়ার পর তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।রাজ্যে পুরসভা নির্বাচনের সম্ভাবনা ক্রমশ জোরালো হওয়ার আবহেই এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের মধ্যেই রাজ্যে পুরভোট অনুষ্ঠিত হতে পারে। এমনকি ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নতুন বোর্ড গঠনের কথাও জানিয়েছেন তিনি। হাওড়া পুরসভা নিয়েও একই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষাপটে নতুন নির্বাচন কমিশনার নিয়োগকে আগামী নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। ২০২০ সালে প্রশাসনিক দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর ২০২৩ সালে তাঁকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল। গত পঞ্চায়েত নির্বাচনের সময় দায়িত্বে ছিলেন তিনিই। তবে সেই নির্বাচনে হিংসা ও অশান্তি ঘিরে তাঁর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর বিতর্কও তৈরি হয়েছিল। গত বছরের মাঝামাঝি সময়ে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পদটি শূন্য ছিল। এই সময় নির্বাচন কমিশনের দৈনন্দিন কাজকর্ম সামলাচ্ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন সান্ডিল্য।
অন্যদিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। ভেঙে গিয়েছে পুরবোর্ডও। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। তাঁকেই প্রশাসক হিসেবে নিয়োগ করেছে সরকার। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে পুরসভা পরিচালনা করতে চায় না সরকার। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন করে নতুন পুরবোর্ড গঠন করা হবে।নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সংবিধানের ২৪৩(কে) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর সংশ্লিষ্ট ধারার অধীনে সমবায় দফতরের অতিরিক্ত মুখ্য সচিব ড. কৃষ্ণ গুপ্তাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজীব সিনহার অবসরের পর দীর্ঘদিন শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অবশেষে স্থায়ী নিয়োগ করল রাজ্য সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal