প্রসেনজিৎ ধর, কলকাতা :- মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রার্থী সায়েম চৌধুরীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কলকাতায় এনআইএ-র দফতরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর।গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক এলাকার মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত কাজ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দায়িত্বপ্রাপ্ত বিচারকরা। অভিযোগ, বিডিও অফিসের ভিতরে তাঁদের আটকে রাখা হয় এবং বাইরে বিক্ষোভকারীরা ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেন। পরে বিচারকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তভার পরে এনআইএ-র হাতে যায়।
তদন্তকারী সংস্থার দাবি, ওই ঘটনার নেপথ্যে এবং বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সায়েম চৌধুরীর। তদন্তে উঠে আসা একাধিক ভিডিও ফুটেজে তাঁকে উসকানিমূলক বক্তব্য দিতে দেখা গিয়েছে বলে দাবি এনআইএ-র। এমনকি বিচারকদের গাড়িতে হামলার ঘটনাতেও তাঁর প্রত্যক্ষ ভূমিকার সূত্র মিলেছে বলেও তদন্তকারীদের দাবি।
মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ৭২ জনকে গ্রেফতার করেছে এনআইএ। ঘটনার তদন্ত চলাকালীন গত এপ্রিল মাসেই সায়েম চৌধুরীকে ডেকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। তবে তখন পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে তাঁকে গ্রেফতার করা হয়নি।
পরবর্তীতে তদন্তে নতুন তথ্য ও ডিজিটাল প্রমাণ হাতে আসার পর ফের তাঁকে কলকাতার দফতরে তলব করে এনআইএ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, নতুন তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ।
যদিও শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন সায়েম চৌধুরী। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। তবে বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসই তাঁকে টার্গেট করছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
উল্লেখ্য, এই একই ঘটনায় প্রথমে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি। পরে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ এবং তাঁর বিরুদ্ধে চার্জশিটও দাখিল করে। এছাড়াও আইএসএফের স্থানীয় প্রভাবশালী নেতা গোলাম রব্বানিকেও এই মামলায় গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।এনআইএ সূত্রের দাবি, তদন্ত যত এগিয়েছে, ততই নতুন তথ্য সামনে এসেছে। সেই তথ্য ও প্রমাণের ভিত্তিতেই মোথাবাড়ি কাণ্ডে সায়েম চৌধুরীকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal