দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সরকারি ছুটির দিন মানেই আর পুরোপুরি ছুটি নয়। প্রশাসনিক কাজের গতি বজায় রাখতে এবার শনিবার, রবিবার-সহ অন্যান্য সরকারি ছুটির দিনেও অফিসে হাজির থাকার নির্দেশ দিল নবান্ন। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের বিভিন্ন শাখার কর্মীদের পালাক্রমে ছুটির দিনে অফিসে উপস্থিত থাকার জন্য বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশকে ঘিরে সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকরা প্রায়ই শনিবার, রবিবার কিংবা সরকারি ছুটির দিনেও জরুরি সরকারি দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু সেই সময় প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা না থাকায় বিভিন্ন কাজে সমস্যা তৈরি হয়। সেই পরিস্থিতি এড়াতেই প্রতিটি শাখাকে রস্টার বা ডিউটি তালিকা তৈরি করে নির্দিষ্ট সংখ্যক কর্মীকে ছুটির দিনেও অফিসে উপস্থিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের বক্তব্য, জনস্বার্থে প্রশাসনিক পরিষেবা কোনও অবস্থাতেই থেমে থাকতে পারে না। তাই ছুটির দিন হলেও জরুরি সরকারি নথি, ফাইল প্রক্রিয়াকরণ বা অন্যান্য প্রশাসনিক কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি শাখাকে ন্যূনতম প্রয়োজনীয় কর্মী রেখে কাজ চালানোর ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে কোনও জরুরি পরিস্থিতিতে প্রশাসনের কাজে বিঘ্ন না ঘটে।
জানা গিয়েছে, দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের পর বিশেষ সচিব এই নির্দেশিকা জারি করেছেন। নবান্নের অন্দরের খবর, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অধীনেই রাজ্যের জেলাশাসক, মহকুমাশাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের (বিডিও) প্রশাসনিক বিষয়গুলি পরিচালিত হয়। ফলে আগামী দিনে এই নির্দেশিকা শুধু নবান্নেই সীমাবদ্ধ না থেকে জেলা, মহকুমা এমনকি ব্লক স্তরের সরকারি দফতরগুলিতেও কার্যকর হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
একদিকে যখন ছুটির দিনেও কাজের নতুন সংস্কৃতি চালুর প্রস্তুতি চলছে, অন্যদিকে অর্থ দফতর আসন্ন সরকারি ছুটির তালিকাও প্রকাশ করেছে। গত ২৩ জুন জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে পূর্ণদিবস সরকারি ছুটি থাকবে। পাশাপাশি ১ জুলাই ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অর্ধদিবস ছুটিও ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রযোজ্য বিধান এবং আইনি নিয়ম মেনে রাজ্যপালের অনুমোদনের ভিত্তিতেই এই ছুটির ঘোষণা করা হয়েছে।তবে ছুটির ঘোষণার মধ্যেই নবান্নের নতুন নির্দেশ প্রশাসনের কর্মসংস্কৃতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সরকারি ছুটির দিনেও প্রশাসনিক পরিষেবা সচল রাখতে কর্মীদের পালাক্রমে দায়িত্ব পালনের এই সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর সরকারি কর্মী মহল থেকে প্রশাসনিক মহলে |
Hindustan TV Bangla Bengali News Portal