Breaking News

তারাতলা বিপর্যয়ে এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ! প্রাক্তন মেয়র-সহ ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির দাবি

প্রসেনজিৎ ধর, কলকাতা :-তারাতলা গুদাম-বিপর্যয়কে কেন্দ্র করে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল। শুধু ফিরহাদ হাকিমই নন, অভিযোগে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালেরও। সংগঠনের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে।
অভিযোগ অনুযায়ী, ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালের ভূমিকাও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। তারাতলা থানায় জমা দেওয়া অভিযোগপত্রে ভারতীয় জনতা মজদুর সেলের অভিযোগ, বেআইনি নির্মাণ ও প্রশাসনিক গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
*অভিযোগপত্রে সংগঠনের পক্ষ থেকে চারটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে—*

প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং সংশ্লিষ্ট প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত শুরু করতে হবে।

বেআইনি নির্মাণ এবং বহুতল ধসের ফলে শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী প্রকৃত নেপথ্য ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং শামস ইকবালকে অবিলম্বে গ্রেফতার করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

তারাতলা-সহ আশপাশের এলাকায় থাকা ঝুঁকিপূর্ণ ও বেআইনি নির্মাণগুলির দ্রুত সমীক্ষা ও পরিদর্শন করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

ভারতীয় জনতা মজদুর সেলের দাবি, তারাতলা বিপর্যয়ের প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলেই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *