প্রসেনজিৎ ধর,কলকাতা :-কলকাতা বন্দর এলাকার প্রভাবশালী প্রাক্তন তৃণমূল নেতা ও কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালকে ঘিরে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রায় ৭০ লক্ষ টাকা তোলাবাজি এবং টাকা না পেয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সোমবার সকালে তাঁকে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ। তবে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই আলিপুর আদালত থেকে ১,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। শামস ইকবাল একসময় কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত। রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই তাঁকে ফিরহাদ হাকিমের ছায়াসঙ্গী বলে উল্লেখ করা হতো। সমাজমাধ্যমেও ফিরহাদ হাকিম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে শামস ইকবালের একাধিক ছবি রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেটিয়াবুরুজের ব্যবসায়ী মহম্মদ শাদাব অভিযোগ করেন, ২০২৩ সালের জুন মাসে শামস ইকবাল এবং তাঁর কয়েকজন সহযোগী তাঁর কাছে প্রায় ৭০ লক্ষ টাকা দাবি করেন। অভিযোগ, টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। টাকা দেওয়ার পরেও বারবার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।এই অভিযোগের ভিত্তিতে শামস ইকবাল ওরফে অনিল, মহম্মদ ফারাজ ওরফে বুন এবং ফিরোদ কুরেশি ওরফে চুরি ফিরোজের বিরুদ্ধে তোলাবাজি ও অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবার শামস ইকবালকে গ্রেফতার করে পুলিশ এবং আলিপুর আদালতে তোলা হয়।তবে আদালতে মামলার শুনানির সময় নাটকীয় মোড় আসে। অভিযোগকারী আদালতে জানান, শামস ইকবালের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং ভুল বোঝাবুঝির জেরে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন। অভিযোগ প্রত্যাহারের পরই আদালত শামস ইকবালকে ১,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে|
Hindustan TV Bangla Bengali News Portal