নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদেশযাত্রার অনুমতির আবেদন দ্রুত শুনানির আর্জি সোমবারও খারিজ করে দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলার শুনানি নির্ধারিত তালিকা অনুযায়ীই হবে, দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই। এর ফলে দ্বিতীয়বারের মতো অভিষেকের দ্রুত শুনানির আবেদন নাকচ হল।চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহ বিদেশে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুমতি চেয়ে গত ২৩ জুন তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরদিন তাঁর আইনজীবী আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন জানালেও বিচারপতি সৌগত ভট্টাচার্য তা খারিজ করে দেন। আদালত জানায়, মামলাটি যে ক্রমে তালিকাভুক্ত রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে।এরপর কয়েকদিনের ব্যবধানে ফের আদালতের দ্বারস্থ হন অভিষেক। সোমবার তাঁর আইনজীবী আবারও দ্রুত শুনানির আবেদন জানান। তবে আদালত আগের অবস্থানেই অনড় থাকে এবং দ্বিতীয়বারও সেই আবেদন খারিজ করে দেয়। ফলে বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত মামলার শুনানি এখন নির্ধারিত তালিকা মেনেই হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লাগে। এরপর দেশে চিকিৎসার পাশাপাশি জটিল চক্ষু চিকিৎসার জন্য একাধিকবার বিদেশেও যেতে হয়েছিল তাঁকে। সেই পুরনো সমস্যার চিকিৎসার প্রয়োজনেই এবারও সাত দিনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ।আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত দ্রুত বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থেকেই গেল। এখন মামলার পরবর্তী শুনানি হবে আদালতের নির্ধারিত তালিকা অনুযায়ী |
Hindustan TV Bangla Bengali News Portal