দেবরীনা মণ্ডল সাহা :-স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল আটজন বন্ধু। কিন্তু স্কুলে না গিয়ে তারা চলে যায় ডিসেরগড় সংলগ্ন দামোদর নদীর চরে। সেখানে ক্রিকেট খেলার পর নদীতে স্নান করতে নেমেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হয় দশম শ্রেণির তিন ছাত্রের। মৃতরা হল নিয়ামতপুর নূর নগরের অয়ন আখতার (১৫), ফয়জান আনসারি (১৬) এবং কুলতোড়ার তাবরেজ আনসারি (১৪)। তিনজনই কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুলে পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় তারা স্কুলে না ঢুকে সোজা দামোদর নদীর চরে চলে যায়। সেখানে দীর্ঘক্ষণ ক্রিকেট খেলার পর গরমে স্বস্তি পেতে নদীতে নামে কয়েকজন। কিন্তু যে ঘাটে তারা নেমেছিল, সেটি তাদের অপরিচিত ছিল। পাশাপাশি, মৃত তিন ছাত্রের কেউই সাঁতার জানত না। আচমকাই অয়ন, ফয়জান ও তাবরেজ গভীর জলে তলিয়ে যেতে শুরু করে।বাকি বন্ধুরা প্রথমে তাদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হয়নি। পরে চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় কুলটি থানায়। পুলিশ এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে তিনজনকে নদী থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়েক দিন আগেই মাইথনেও নদীতে স্নান করতে নেমে এক ছাত্রের মৃত্যু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে ফের এমন দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। নদী বা জলাশয়ে নামার ক্ষেত্রে পড়ুয়াদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে।
Hindustan TV Bangla Bengali News Portal