দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে ফের শহরের গণপরিবহণের মূল স্রোতে ফিরিয়ে আনতে একাধিক বড় পরিকল্পনার কথা ঘোষণা করল রাজ্য সরকার। এবার ট্রামেই যাতায়াত করা যাবে শহরের দুই গুরুত্বপূর্ণ তীর্থস্থান কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে। পাশাপাশি নিউটাউন, সল্টলেক ও রাজারহাটেও নতুন ট্রাম পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। পার্ক স্ট্রিটে একটি বণিকসভার অনুষ্ঠানে যোগ দিয়ে পরিবহণমন্ত্রী জানান, কালীঘাট ও দক্ষিণেশ্বরকে ট্রামপথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভক্ত, পর্যটক এবং সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে আধুনিক রূপে ফিরিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।যানজট এড়াতে ট্রাম চলাচলেও আনা হচ্ছে বড় পরিবর্তন। মন্ত্রীর বক্তব্য, ভবিষ্যতে ট্রাম আর রাস্তার মাঝখান দিয়ে নয়, বরং রাস্তার বাঁদিক দিয়ে চলবে। সেই অনুযায়ী নতুন ট্রামলাইন তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রাইটস (RITES)-কে। মঙ্গলবার থেকেই সংস্থাটি সমীক্ষার কাজ শুরু করেছে।
শুধু ট্রাম নয়, রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৪৭০টি নতুন সরকারি বাস নামানোর ঘোষণাও করেছেন পরিবহণমন্ত্রী। বর্তমানে চলা বাসগুলির পাশাপাশি এই নতুন বাসও পরিষেবায় যুক্ত হবে। তাঁর দাবি, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত চালুর পর সরকারি বাসের চাহিদা অনেকটাই বেড়েছে। নতুন বাস যুক্ত হলে সেই চাপও অনেকটা কমবে।রাজ্য সরকারের দাবি, ১৫০ বছরেরও বেশি পুরনো কলকাতার ট্রাম পরিষেবাকে আধুনিক অবকাঠামো, নতুন রুট এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্রামের মাধ্যমে নতুন করে গড়ে তোলা হবে। ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি ট্রামকে আবারও শহরের অন্যতম কার্যকর, পরিবেশবান্ধব এবং আধুনিক গণপরিবহণ হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
Hindustan TV Bangla Bengali News Portal