প্রসেনজিৎ ধর, হুগলি:-হুগলিতে তৃণমূলে বড় ধাক্কা। বৃহস্পতিবার জেলার দুই পরিচিত তৃণমূল নেতা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। কোন্নগর পুরসভার পৌরপিতা তথা কোন্নগর টাউন তৃণমূলের সভাপতি বিশ্বরূপ চক্রবর্তী এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে গিয়ে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিশ্বরূপ চক্রবর্তী জানান, এটি শুধুমাত্র দু’জনের দলবদল নয়। আগামী দিনে কোন্নগর পুরসভার আরও একাধিক কাউন্সিলর কংগ্রেসে যোগ দিতে পারেন। তাঁর দাবি, খুব শীঘ্রই কোন্নগর পুরসভার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যেতে পারে। যদি আরও কাউন্সিলর দল পরিবর্তন করেন, তাহলে কোন্নগর পুরসভার বোর্ড তৃণমূলের হাতছাড়া হয়ে কংগ্রেসের দখলে চলে যেতে পারে। উল্লেখ্য, বিশ্বরূপ চক্রবর্তী শুধু কোন্নগর পুরসভার পৌরপতিই নন, তিনি কোন্নগর টাউন তৃণমূলের সভাপতির দায়িত্বও সামলাচ্ছিলেন। অন্যদিকে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় একসময় কোন্নগর যুব তৃণমূলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তাঁদের একসঙ্গে কংগ্রেসে যোগদানকে হুগলির রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী, হুগলি-১ জেলার পর্যবেক্ষক আজমল খান, কার্যকরী সভাপতি মহম্মদ রফিক, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্ব-সহ হুগলি-১ জেলার একাধিক কংগ্রেস নেতা। দুই নেতার যোগদানের ফলে হুগলির রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
Hindustan TV Bangla Bengali News Portal