দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-গত ১৩ ডিসেম্বর কলকাতায় আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার লিয়োনেল মেসির সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। অভিযোগ, অনুষ্ঠানের ভিড় ও অব্যবস্থাপনার জেরে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দেন। পরে অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত অভিযোগ করেন, মেসির অনুষ্ঠানের জন্য ছাপানো প্রায় ৭০ হাজার টিকিটের মধ্যে প্রায় ২২ হাজার টিকিট অরূপ বিশ্বাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে অন্যত্র বিক্রির ব্যবস্থা করেছিলেন। টিকিট কালোবাজারি, আর্থিক প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।সেই তদন্তেই ফের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামী ৭ জুলাই সকাল ১০টায় তাঁকে থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। যদিও প্রথমদিকে বারবার হাজিরা এড়িয়ে যান অরূপ। পরে আদালতের নির্দেশের পর গত ১৮ জুন এবং ২২ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজির হয়ে দীর্ঘ সময় ধরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। এবার তদন্তের স্বার্থে ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই মেসি-কাণ্ডে তদন্তে গতি আসে। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলার তদন্তে একাধিকবার তাঁকে ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। বিষয়টি পরে কলকাতা হাই কোর্ট পর্যন্ত গড়ায়। বিচারপতি সৈগত রায়ের নির্দেশে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতে বাধ্য হন অরূপ।এদিকে, মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী রক্ষাকবচও দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ অগাস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। একক বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। তাঁর দাবি ছিল, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। তবে ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে একক বেঞ্চের রক্ষাকবচ বহাল রাখে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে যুবভারতীর অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগে আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপরই তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন। সেই অভিযোগের তদন্তেই বারবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে।এখন নজর আগামী ৭ জুলাই। পুলিশের তলবে অরূপ বিশ্বাস নির্ধারিত সময়ে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন কি না, সেদিকেই তাকিয়ে তদন্তকারী সংস্থা ও রাজনৈতিক মহল।
Hindustan TV Bangla Bengali News Portal