Breaking News

আরজি কর কাণ্ডে ফের কড়া পদক্ষেপ! বিনীত গোয়েল-সহ তিন আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ আরও ১২০ দিন বাড়াল রাজ্য সরকার

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবারও বহাল থাকল তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার তাঁদের নিলম্বনের মেয়াদ আরও ১২০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তদন্তকারীদের দাবি, ওই ঘটনায় তাঁদের ভূমিকা এবং দায়িত্ব পালনে কোনও গাফিলতি ছিল কি না, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সাসপেন্ডই থাকবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট নাইট ডিউটির জন্য আরজি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন এক তরুণী চিকিৎসক। পরদিন হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর ধর্ষিত ও খুন হওয়া দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘিরে গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তদন্তের শুরুতে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও সিবিআই এই ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করেনি। পরবর্তীতে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে নিহত চিকিৎসকের পরিবার এখনও দাবি করে আসছেন, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও তাঁদের চিহ্নিত করা হয়নি এবং তদন্ত এখনও অসম্পূর্ণ।
রাজ্যে সরকার পরিবর্তনের পর আরজি কর মামলার প্রশাসনিক দিকও নতুন করে খতিয়ে দেখা শুরু হয়। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্ত এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় দায়িত্বে ছিলেন। অভিযোগ, ঘটনার সময় দায়িত্ব পালনে একাধিক ত্রুটি ও গাফিলতি হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করা হয়। বর্তমানে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এবার আরও ১২০ দিনের জন্য তাঁদের সাসপেনশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *