Breaking News

স্কুল-কলেজের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় , মিত্র ইনস্টিটিউশনের আধুনিকীকরণেও বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশন স্কুলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং দেশের প্রতি তাঁর অবদান অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক প্রকল্প ও আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন তিনি।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পড়ুয়াদের উদ্দেশে বলেন, “নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট।” তাঁর বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সম্মান জানাতে হলে সর্বাগ্রে দেশকে গুরুত্ব দিতে হবে। আগামী প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ ও রাষ্ট্রচিন্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, নতুন পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ গঠনে ঐতিহাসিক ভূমিকা, অখণ্ড ভারতের ভাবনা, আইনসভায় দেওয়া তাঁর গুরুত্বপূর্ণ ভাষণ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে শিল্পায়নে তাঁর অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ হিসেবে তাঁর ভূমিকার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হবে। তাঁর মতে, ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলেই চলবে না, তা নতুন প্রজন্মের চর্চারও অংশ হওয়া উচিত।উল্লেখ্য, ১৯০৬ থেকে ১৯১৭ সাল পর্যন্ত মিত্র ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পরে ১৯২৪ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই ঐতিহ্যকে স্মরণ করেই বিদ্যালয়ের সংস্কার ও আধুনিকীকরণের পরিকল্পনা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, ভবানীপুরের বিধায়ক হিসেবে নিজের এমএলএ তহবিল থেকে বিদ্যালয়ের সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকে আগামী অগস্ট মাসের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠিয়ে সংস্কার কাজের বিস্তারিত পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বিদ্যালয়টিকে কেন্দ্রীয় ‘পিএম শ্রী’ (PM SHRI) প্রকল্পের আওতায় আনার জন্য শিক্ষামন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে স্কুলের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আধুনিকীকরণের লক্ষ্যে অটল বিহারী বাজপেয়ীর নামে কেন্দ্রীয় শিক্ষা প্রকল্পের সঙ্গেও বিদ্যালয়টিকে যুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।মুখ্যমন্ত্রীর দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, শিক্ষা ও রাষ্ট্রভাবনা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর স্মৃতিবিজড়িত মিত্র ইনস্টিটিউশনকে আরও আধুনিক ও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *