Breaking News

বারুইপুর কাণ্ডে পুলিশের গাফিলতি বরদাস্ত নয়! ডিজি-কে ৭২ ঘণ্টার রিপোর্টের নির্দেশ, গণপিটুনিতে নিহত যুবককে ‘নির্দোষ’ বললেন মুখ্যমন্ত্রী

প্রসেনজিৎ ধর:- বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ঘটনার সময় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে সামান্যতম শিথিলতাও প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত, পুলিশের ভূমিকা এবং পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দিয়েছেন তিনি।মঙ্গলবার বারুইপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। পরে কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রনাথ তাঁতির পরিবারের সঙ্গেও কথা বলেন। বৈঠক শেষে শুভেন্দু দাবি করেন, পুলিশের প্রাথমিক তদন্তে ইন্দ্রনাথের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ মেলেনি। তিনি বলেন, “ওই যুবক নির্দোষ ছিল। নির্দোষ একজন মানুষকে যারা পিটিয়ে হত্যা করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না।”
মুখ্যমন্ত্রী জানান, ঘটনার দিন রাতে নিখোঁজ ডায়েরি হওয়ার পর থেকে পুলিশ কী কী পদক্ষেপ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি রাজ্যের সমস্ত থানাকে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সংবেদনশীল মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, পুলিশি দায়িত্বে কোনও গাফিলতি ধরা পড়লে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সূর্যপুর এলাকায় একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট তৈরির দাবিও উঠেছে। সেই দাবি মেনে অবিলম্বে আউটপোস্ট তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজন হলে ভাড়া বাড়িতে অস্থায়ীভাবে আউটপোস্ট চালু করার কথাও বলেন তিনি। এক সপ্তাহ পরে আবার বারুইপুরে এসে সেই আউটপোস্টের কাজ পরিদর্শন করবেন বলেও জানান।বারুইপুরে বিক্ষোভের সময় পুলিশের গাড়ি ভাঙচুর, রেললাইন উপড়ে ফেলা এবং অশান্তির ঘটনাতেও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে ইতিমধ্যেই বহু দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাঁদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই অশান্তির নেপথ্যে রাজনৈতিক উস্কানির অভিযোগ তুলে তিনি বলেন, আইন ভেঙে যারা তাণ্ডব চালিয়েছে বা উস্কানি দিয়েছে, তাদেরও কোনও রকম রেয়াত করা হবে না।
উল্লেখ্য, শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল ওই কিশোরী। পরদিন সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যেই আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত এখনও চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *