দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দূরপাল্লার ও লোকাল ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও কড়া হচ্ছে নিয়ম। নতুন আইনের আওতায় একাধিক অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। কোথাও শুধু জরিমানাই নয়, রাখা হয়েছে কারাদণ্ডের ব্যবস্থাও। বিনা টিকিটে যাত্রা, মেট্রো চত্বরে ধূমপান, মদ্যপ অবস্থায় যাত্রীদের বিরক্ত করা, অশালীন আচরণ কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশ—সব ক্ষেত্রেই এবার আরও কঠোর পদক্ষেপ নেবে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই নতুন নিয়ম সম্পর্কে যাত্রীদের সচেতন করতে বিভিন্ন স্টেশনে বিজ্ঞপ্তি টাঙানো শুরু হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে যাত্রা করলে জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব ভ্রমণ করলেও একই জরিমানা দিতে হবে। এছাড়া একজন যাত্রীর সঙ্গে একই গেট দিয়ে অন্য কেউ বেরিয়ে গেলে তাকেও বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করে জরিমানা করা হবে।মেট্রোর কোচ, প্ল্যাটফর্ম বা ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট যাত্রীর টিকিট বা পাস বাজেয়াপ্ত করা হতে পারে। জরিমানা দিতে অস্বীকার করলে আদালতে তোলা হবে, যেখানে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের অসুবিধা বা বিরক্ত করলে তাঁকে সঙ্গে সঙ্গে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তির বিধান রাখা হয়েছে।এছাড়া মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অসভ্য আচরণ বা অন্য যাত্রীদের সমস্যায় ফেললে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তির টিকিটও বাতিল করা হবে।নতুন বিধি শুধু যাত্রীদের জন্য নয়, মেট্রো কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। দায়িত্ব পালনকালে কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে।
এছাড়া অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা অন্য কোনও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় শাস্তির মুখে পড়তে হতে পারে।মেট্রো কর্তৃপক্ষের আবেদন, যাত্রীরা যেন নতুন নিয়মগুলি মেনে চলেন এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করেন। তাঁদের বক্তব্য, আইন কার্যকর হওয়ার আগে থেকেই যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নতুন বিধিনিষেধ সম্পর্কে সবাই আগে থেকেই অবগত থাকেন।
Hindustan TV Bangla Bengali News Portal