Breaking News

অভিষেকের ‘ডিজে’ মন্তব্য মামলায় তদন্তে নতুন মোড়, সাক্ষী হিসেবে বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করল সিআইডি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত ‘ডিজে’ মন্তব্যের তদন্তে নতুন পদক্ষেপ নিল সিআইডি। এই মামলায় গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর-কে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ভবানীভবনে হাজির হয়ে তদন্তকারী আধিকারিকদের কাছে নিজের বয়ান রেকর্ড করেন তিনি। সিআইডি সূত্রের দাবি, মামলার তদন্তে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলার তদন্ত করছে সিআইডি। অভিযোগে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্য উস্কানিমূলক ছিল এবং তার জেরেই পরবর্তীতে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। বিকর্ণ নস্করের অভিযোগ, ২০২৬ সালের ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বিজয় মিছিল শেষে গোসাবায় ফেরার পথে ক্যানিং এলাকায় তাঁর উপর হামলা চালানো হয়। তাঁর দাবি, ওই হামলায় তিনি ছাড়াও সঙ্গে থাকা একাধিক বিজেপি কর্মী-সমর্থক আহত হন। বিধায়কের অভিযোগ, হামলার সময় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস উপস্থিত ছিলেন এবং হামলাকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিল। ঘটনার পর ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।
ভবানীভবনে হাজির হওয়ার পর বিকর্ণ নস্কর বলেন, “৪ মে বিজয় মিছিল করে ফেরার সময় ক্যানিংয়ে আমাদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। ইট ছোড়া হয়েছিল। আমার বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্যের জেরেই এই হামলা হয়েছে। সেই বিষয়েই আজ সিআইডির কাছে আমার বয়ান রেকর্ড করা হয়েছে।”
সিআইডি সূত্রে খবর, ক্যানিংয়ের এই হামলার ঘটনা এবং তার সঙ্গে ‘ডিজে’ মন্তব্যের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই বিকর্ণ নস্করের সাক্ষ্য তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।উল্লেখ্য, ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে দু’বার নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিআইডি। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ থেকে অব্যাহতি চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানেও স্বস্তি পাননি। বর্তমানে নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৮ জুলাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *