Breaking News

ঠিক এক বছরের মাথায় পাতালপথে বড় সাফল্য! ভিক্টোরিয়া স্টেশনে মাটি ফুঁড়ে বেরল টিবিএম ‘দুর্গা’, জোকা–বিবাদী বাগ মেট্রো প্রকল্পে নতুন মাইলফলক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জোকা–বিবাদী বাগ মেট্রো প্রকল্পে বড় সাফল্য। ঠিক এক বছর আগে খিদিরপুর থেকে যাত্রা শুরু করা টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে পৌঁছে সফলভাবে সম্পন্ন করল প্রায় ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খননের কাজ। এই ব্রেকথ্রুর মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত পার্পল লাইনের নির্মাণে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল কলকাতা মেট্রো।শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভিক্টোরিয়া স্টেশনের কংক্রিটের দেওয়াল ভেদ করে বেরিয়ে আসে ‘দুর্গা’। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকেন মেট্রোরেলের শীর্ষ আধিকারিকরা। উপস্থিত ছিলেন নেপালের কনসাল জেনারেল, কলকাতা পুরসভার কমিশনার, হাওড়া পুলিশ কমিশনার-সহ একাধিক বিশিষ্ট অতিথি। মেট্রো কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের অন্যতম কঠিন ধাপ সফলভাবে শেষ হওয়ায় পরবর্তী কাজও দ্রুত গতিতে এগোবে।
জোকা–বিবাদী বাগ মেট্রো করিডরের পরিষেবা ধাপে ধাপে চালু করা হচ্ছে। প্রথমে জোকা থেকে তারাতলা এবং পরে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু হয়। তবে তারাতলা থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশের কাজ দীর্ঘদিন জমি-সংক্রান্ত জটিলতা, গাছ কাটা নিয়ে আপত্তি এবং আইনি বাধার কারণে আটকে ছিল। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও গত বছর জট কাটার পর ফের জোরকদমে শুরু হয় নির্মাণকাজ।উল্লেখ্য, ২০২৫ সালের ১০ জুলাই খিদিরপুরের সেন্ট টমাস স্কুল চত্বরে তৈরি করা লঞ্চিং শ্যাফ্ট থেকে সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছিল টিবিএম ‘দুর্গা’। চেন্নাই থেকে আনা অত্যাধুনিক এই যন্ত্রটি টানা এক বছর ধরে মাটির নীচে খনন চালিয়ে অবশেষে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছল।
মেট্রো সূত্রে খবর, এবার কাজে নামবে দ্বিতীয় টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। এই মেশিন ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত পরবর্তী সুড়ঙ্গ নির্মাণের দায়িত্ব নেবে। ফলে জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো।
আধুনিক ভূগর্ভস্থ পরিকাঠামো নির্মাণে টানেল বোরিং মেশিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভুল ও নিরাপদভাবে মাটির নীচে সুড়ঙ্গ নির্মাণে এই প্রযুক্তির জুড়ি নেই। ‘দুর্গা’-র সফল ব্রেকথ্রু সেই প্রযুক্তিগত সক্ষমতারই বড় প্রমাণ। মেট্রো কর্তৃপক্ষের আশা, বাকি কাজও নির্ধারিত সময়ে শেষ হলে ভবিষ্যতে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু হবে। তাতে দক্ষিণ কলকাতার সঙ্গে শহরের কেন্দ্রস্থলের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে, কমবে যানজট, সাশ্রয় হবে যাত্রীদের মূল্যবান সময় এবং কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় যুক্ত হবে নতুন গতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *