প্রসেনজিৎ ধর :-মুর্শিদাবাদের ডোমকলে ফের শক্তির প্রমাণ দিল বামেরা। ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হলেন সিপিআইএমের রুনা লায়লা বিবি। ১৫-০ ভোটে জয়ী হয়ে তিনি প্রধানের আসনে বসেন। এর মধ্য দিয়ে ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের দখল পুরোপুরি সিপিআইএমের হাতে চলে এল। এই সাফল্যকে ঘিরে নতুন করে চাঙ্গা হয়েছে বাম শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদে বামেদের কাছে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে একসময় বাম-কংগ্রেস জোটের সমর্থনে প্রধান হয়েছিলেন পিঞ্জুরা বিবি। পরে তিনি তৃণমূলে যোগ দিলে পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। তবে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অনাস্থা প্রস্তাব আনা হয়। এরপর থেকেই রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে।
অনাস্থা পর্বের পর রানীনগরের বিধায়ক জুলফিকার আলির হাত ধরে পিঞ্জুরা বিবি-সহ ১৬ জন তৃণমূল সদস্য কংগ্রেসে যোগ দেন। এর ফলে ধুলাউড়ি অঞ্চলে কার্যত সংগঠনহীন হয়ে পড়ে তৃণমূল। তারপর থেকেই পঞ্চায়েতের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় সিপিআইএম ও কংগ্রেসের রাজনৈতিক লড়াই।অবশেষে বৃহস্পতিবার প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত ভবনে উপস্থিত ছিলেন ১৫ জন সদস্য। বিরোধী শিবিরের ১৫ জন সদস্য অনুপস্থিত থাকায় ভোটাভুটি কার্যত একতরফা হয়ে যায়। ১৫-০ ভোটে প্রধান নির্বাচিত হন রুনা লায়লা বিবি। সূত্রের খবর, প্রধান নির্বাচনের সময় কংগ্রেসের দুই সদস্যও সিপিআইএমের প্রার্থীকে সমর্থন করেন।নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েত চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন সিপিআইএম কর্মী-সমর্থকেরা। সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে সকাল থেকেই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও।উল্লেখ্য, বর্তমানে রাজ্যে বামফ্রন্টের দখলে থাকা একমাত্র বিধানসভা কেন্দ্র ডোমকল। সেই আবহে ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ দখলকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নতুন প্রধান রুনা লায়লা বিবি বলেন, “এতদিন চোরেদের রাজত্ব চলছিল। এবার মানুষের রায় নিয়ে স্বচ্ছ ও উন্নয়নমুখী পঞ্চায়েত পরিচালনা করা সম্ভব হবে।”২০২৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে এই জয় বামেদের সংগঠনে নতুন অক্সিজেন জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে ডোমকল বিধানসভা কেন্দ্র ধরে রাখার পর এবার পঞ্চায়েতেও লাল ঝান্ডা উড়তে শুরু করায় মুর্শিদাবাদে বামেদের সংগঠন আরও শক্তি পেল বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।
Hindustan TV Bangla Bengali News Portal