Breaking News

মালদহ–মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন রুখতে ৩,৬০০ কোটি টাকার মেগা প্রকল্প, আগামী বছরের মধ্যেই কাজ শেষের আশ্বাস মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা :-মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রুখতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বহরমপুরে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানান, দুই জেলার নদীভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে প্রায় ৩,৬০০ কোটি টাকা ব্যয় করবে। তাঁর দাবি, চলতি বছরের বর্ষা শুরু হয়ে গেলেও আগামী বছরের মধ্যেই মালদহ ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ ভাঙনপ্রবণ এলাকা সুরক্ষিত করার লক্ষ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।এদিন মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গার ভাঙনে বছরের পর বছর ধরে বহু মানুষ ঘরবাড়ি ও কৃষিজমি হারিয়েছেন। সেই সমস্যা স্থায়ীভাবে মোকাবিলা করতেই এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি। নদী ভাঙনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রুখতেও প্রশাসনকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়াতে হবে এবং বিএসএফ ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।প্রশাসনিক বৈঠকে জানানো হয়, মুর্শিদাবাদে এখনও পর্যন্ত ৬৯ জন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুলিশ-প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি বাড়ানো এবং তথ্য আদান-প্রদানে বিএসএফ ও স্থানীয় প্রশাসনের মধ্যে আরও নিবিড় সমন্বয়ের উপরও জোর দেন তিনি।
একদিকে গঙ্গা ভাঙন রোধে হাজার কোটি টাকার প্রকল্প, অন্যদিকে সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারির নির্দেশ—মুর্শিদাবাদ সফরে এই দুই বিষয়কেই সর্বোচ্চ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *