দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সিঁথি থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদ থেকে সরিয়ে দেওয়া হল চামেলি মুখোপাধ্যায়কে। তাঁকে ফের আগের কর্মস্থল উল্টোডাঙা মহিলা থানায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় সিঁথি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত শৃঙ্খলা শর্মাকে।
কলকাতা পুলিশের সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের পর এত অল্প সময়ের মধ্যে এই পরিবর্তন ঘিরে লালবাজারে শুরু হয়েছে বিস্তর জল্পনা। যদিও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। তবুও মাত্র দু’দিনের মাথায় এই বদলির কারণ নিয়ে পুলিশ মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ৩৩ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছিলেন। সেই তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছিল সিঁথি ও সরশুনা থানায় দুই মহিলা আধিকারিক—চামেলি মুখোপাধ্যায় এবং রূপা সিংহের ওসি হিসেবে নিয়োগ। দীর্ঘদিন পর কলকাতা পুলিশের সাধারণ থানার দায়িত্বে মহিলা অফিসারদের নিয়োগকে নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছিল।উল্লেখ্য, কলকাতা পুলিশের ইতিহাসে ২০১০ সালে প্রথমবার কোনও সাধারণ থানার ওসি হয়েছিলেন মহিলা পুলিশ আধিকারিক দেবশ্রী চট্টোপাধ্যায়। তারপর দীর্ঘ ১৬ বছর কেটে গেলেও আর কোনও মহিলা ইনস্পেক্টরকে সাধারণ থানার ওসি করা হয়নি। সেই প্রেক্ষাপটে চামেলি মুখোপাধ্যায় ও রূপা সিংহের নিয়োগ ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চামেলিকে সরিয়ে দেওয়ায় নতুন করে শুরু হয়েছে জল্পনা।যদিও লালবাজারের দাবি, এই বদলির পিছনে কোনও বিশেষ কারণ নেই এবং এটি রুটিন প্রশাসনিক সিদ্ধান্তের অংশ। তবুও এত দ্রুত সিদ্ধান্ত বদল ঘিরে প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal