দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রবিবার ছুটির দিনেই দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকছে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান— দুই দিকেই সকাল থেকে বিকেল পর্যন্ত কোনও মেট্রো চলবে না। ফলে এই রুটে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের আগে থেকেই বিকল্প পরিবহণের ব্যবস্থা করে নেওয়ার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (১২ জুলাই) গ্রিন লাইনে সকাল ৯টার বদলে প্রথম মেট্রো চলবে বিকেল সাড়ে ৪টেয়। কমিশনার অব রেলওয়ে সেফটি (CRS)-র তত্ত্বাবধানে অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই পরিদর্শনের সময় স্বয়ংক্রিয়ভাবে ট্রেন পরিচালনা, গতি নিয়ন্ত্রণ, নির্ধারিত জায়গায় ট্রেন থামানো-সহ একাধিক প্রযুক্তিগত বিষয় খতিয়ে দেখা হবে। সেই কারণেই দিনের প্রথমার্ধে সম্পূর্ণ বন্ধ থাকবে গ্রিন লাইনের যাত্রী পরিষেবা।তবে স্বস্তির খবর, শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। বিকেল সাড়ে ৪টা থেকে নির্ধারিত সময়সূচি মেনেই হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল শুরু হবে।
মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। যাঁদের রবিবার সকালে বা দুপুরে এই রুটে যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের বিকল্প পরিবহণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিকেলের পর অবশ্য স্বাভাবিক নিয়মেই গ্রিন লাইনে মেট্রো পরিষেবা মিলবে।
Hindustan TV Bangla Bengali News Portal