প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের পরিবার। তদন্তে উঠে আসা কিছু আর্থিক লেনদেনের সূত্র ধরে মদন মিত্রের স্ত্রী এবং তাঁর দুই পুত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২২ ও ২৩ জুলাই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়েছে।ইডি সূত্রের দাবি, পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে, যেখানে মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রের নাম উঠে এসেছে। সেই তথ্যের সত্যতা যাচাই করতেই তাঁদের ডেকে পাঠানো হয়েছে। তবে মদন মিত্রের দুই পুত্রবধূকে এই মুহূর্তে তলব করা হয়নি।উল্লেখযোগ্যভাবে, তাঁর কনিষ্ঠ পুত্রবধূ মেঘনা মিত্র কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।এর আগেও এই মামলায় মদন মিত্রের নাম সামনে আসে। চলতি বছরের জুন মাসে ভবানীপুর, দক্ষিণেশ্বর-সহ তাঁর একাধিক বাড়িতে তল্লাশি চালায় ইডি। তদন্তকারীরা সেই সময় একাধিক নথি ও তথ্য সংগ্রহ করেন, যার ভিত্তিতেই তদন্ত আরও এগিয়েছে বলে জানা যাচ্ছে।শুধু ইডিই নয়, এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের অক্টোবরে মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআইও। পাশাপাশি নারদ মামলাতেও তিনি অভিযুক্ত। এবার তাঁর পরিবারের সদস্যদের সরাসরি জিজ্ঞাসাবাদের সিদ্ধান্তে তদন্তের পরিধি আরও বিস্তৃত হল বলে মনে করছে রাজনৈতিক মহল।মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রের জিজ্ঞাসাবাদ থেকে নতুন কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা আর্থিক লেনদেনের সূত্র মিলবে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারী সংস্থার।
Hindustan TV Bangla Bengali News Portal