নিজস্ব সংবাদদাতা :- হাওড়া মেট্রো স্টেশনে নিরাপত্তা তল্লাশির সময় উদ্ধার হল বিপুল পরিমাণ রুপোর বাট। মেট্রো ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি যাত্রীর ব্যাগ থেকে মোট ৬ কেজি ৪০০ গ্রাম রুপো উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম অতনু পাত্র। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। মঙ্গলবার তাঁকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের দাবি, সোমবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে নিরাপত্তা পরীক্ষার সময় স্ক্যানিং মেশিনে ধৃতের হাতব্যাগে সন্দেহজনক বস্তু ধরা পড়ে। এরপর রেল সুরক্ষা বাহিনী (RPF) ব্যাগটি তল্লাশি করে বিপুল পরিমাণ রুপোর বাট উদ্ধার করে। উদ্ধার হওয়া রুপোর বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও অতনু পাত্র কোনও সন্তোষজনক নথি দেখাতে পারেননি বলে অভিযোগ। পাশাপাশি তাঁর বক্তব্যেও একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁকে আটক করে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া রুপোর আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা। এত পরিমাণ রুপো তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন, কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনও পাচারচক্র বা অন্য কারও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।উদ্ধার হওয়া সমস্ত রুপোর বাট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, এর আগে একই কায়দায় মেট্রো ব্যবহার করে মূল্যবান ধাতু পাচারের ঘটনা ঘটেছে কি না এবং এই ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না।
Hindustan TV Bangla Bengali News Portal