দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার প্রথম রথযাত্রা উৎসব। আর সেই রথযাত্রাতেই কলকাতার ইসকনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার গঠনের পর এই প্রথম ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রায় তাঁর উপস্থিতি নিশ্চিত করেছে ইসকন কর্তৃপক্ষ। পাশাপাশি উৎসবে যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে।আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রা শুরু হবে। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে ময়দানের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে। সেখানেই ঐতিহ্য মেনে তৈরি করা হয়েছে জগন্নাথদেবের অস্থায়ী ‘মাসির বাড়ি’। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত দেবতারা সেখানেই অবস্থান করবেন এবং ভক্তদের দর্শন দেবেন। রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ইসকনের অধ্যক্ষ দয়ারাম দাস, সহ-অধ্যক্ষ বল্লভ চৈতন্য দাস, রথযাত্রা কমিটির চেয়ারম্যান অনঙ্গ মোহন দাস এবং সচিব অনন্ত ভগবান দাস জানান, এবারের রথযাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে রথের রশিতে টান দেবেন।এছাড়াও ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় থাকতে পারেন বলে জানা গিয়েছে। সেই কারণেই তাঁকেও এই উৎসবে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে।গত বছর কলকাতার ইসকনের রথযাত্রায় সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। আয়োজকদের আশা, এবার সেই সংখ্যা আরও বাড়বে। ভারত ছাড়াও চিন, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ থেকে বহু বিদেশি ভক্তের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। সেই কারণে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন এবং ইসকন কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal