দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে কালীঘাট তৃণমূলকে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এক দিকের রাস্তা ব্যবহার করে কর্মসূচি করা যাবে। তবে অংশগ্রহণকারীর সংখ্যা সর্বোচ্চ ৩ হাজারের মধ্যে রাখতে হবে। পাশাপাশি, অন্য দিকের রাস্তা যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, কর্মসূচির সময়সীমা দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত।শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, বিড়লা প্ল্যানেটোরিয়াম চত্বরে স্কুল, কলেজ ও হাসপাতাল থাকায় সেখানে বিপুল জনসমাগম হলে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে। রাজ্যের দাবি ছিল, ২ হাজারের বেশি লোক হলে সুবোধ মল্লিক স্কোয়ার বা তারও বেশি হলে ব্রিগেডে কর্মসূচি করা উচিত।
এর বিরোধিতা করে কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, প্রতি বছর ভিক্টোরিয়া হাউসের সামনে এই কর্মসূচি হয়েছে। সুবোধ মল্লিক স্কোয়ারে তাঁরা যেতে চান না, প্রয়োজনে নবান্নের সামনেও কর্মসূচি করতে প্রস্তুত। তাঁর অভিযোগ, রাজ্য ইচ্ছাকৃতভাবে অনুমতি দিতে চাইছে না।শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁদের কর্মসূচিতে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হতে পারে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, যদি এত বড় জমায়েতের প্রত্যাশা থাকে, তাহলে ব্রিগেডই উপযুক্ত জায়গা। পরে কল্যাণ অন্তত ৫ হাজার মানুষের অনুমতি চাইলেও রাজ্য নিরাপত্তা ও যানজটের যুক্তি তুলে ধরে আপত্তি জানায়।দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয়, সর্বোচ্চ ৩ হাজার মানুষ নিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কর্মসূচি করা যাবে। পাশাপাশি আদালত স্পষ্ট করে, ১৮ জুলাই বিকেল ৪টার মধ্যে ২০ জন স্বেচ্ছাসেবকের নাম পুলিশের কাছে জমা দিতে হবে। ওই স্বেচ্ছাসেবকদের দায়িত্ব থাকবে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর করা।
Hindustan TV Bangla Bengali News Portal