প্রসেনজিৎ ধর :- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়া অনুব্রত মণ্ডল এবার করলেন বিস্ফোরক অভিযোগ |গোরু পাচার মামলায় নিজের জেলযাত্রার জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বীরভূমের এই নেতা। তাঁর দাবি, অভিষেকের কারণেই তাঁকে জেলে যেতে হয়েছিল। একইসঙ্গে তৃণমূলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতির জন্যও অভিষেককেই কাঠগড়ায় তুলেছেন অনুব্রত।বুধবার গোলপার্কে ঋতব্রত শিবিরের ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, মদন মিত্র-সহ একাধিক নেতা। সম্প্রতি কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন অনুব্রত। বর্তমানে তিনি ঋতব্রত শিবিরের বীরভূম জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন।
বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, “ঋতব্রতও তৃণমূল, আমিও তৃণমূল।” এরপর তাঁর জেলযাত্রা প্রসঙ্গে প্রশ্ন উঠতেই ক্ষোভ উগরে দেন তিনি। অনুব্রতের কথায়, “ওসব বাজে কথা বলবেন না। আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওঁর জন্যই জেলে গিয়েছি।”
শুধু জেলযাত্রাই নয়, তৃণমূলের বর্তমান সংকট নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, দলের বর্তমান অবস্থার জন্যও অভিষেকের নেতৃত্ব দায়ী। এমনকি ভবিষ্যতে এই পরিস্থিতি চলতে থাকলে অনেকেই আর কালীঘাট শিবিরে থাকবেন না বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, একই দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও। ফলে কালীঘাট তৃণমূল থেকে একের পর এক নেতার শিবির পরিবর্তনের ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal