Breaking News

মেজিয়ার মঞ্চ থেকে শিল্পে মেগা ঘোষণা! শ্যাম স্টিলের শিলান্যাসের পাশাপাশি একগুচ্ছ শিল্প প্রকল্পের রূপরেখা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

দেবরীনা মণ্ডল সাহা:- রাজ্যে নতুন সরকারের মাত্র দু’মাসের মাথায় শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপ। ডানকুনিতে লাক্স কোজির নতুন প্রকল্পের পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্প চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই শিল্পকে কেন্দ্র করে একাধিক আনুষঙ্গিক শিল্পও গড়ে উঠবে, যার ফলে বাঁকুড়া-সহ সংলগ্ন জেলার অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানের মঞ্চ থেকে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “কাজের খোঁজে বাংলার মানুষকে আর ভিনরাজ্যে যেতে হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। আগামী পাঁচ বছরে বাংলার শিল্পের চেহারা বদলে যাবে।” তাঁর দাবি, মোট ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের মধ্যে ১০ হাজার কোটি টাকা আসছে এমএসএমই ক্ষেত্রে। এই শিল্প প্রকল্পগুলিকে ঘিরে প্রায় ৭৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। তাঁর কথায়, “শিল্পসমৃদ্ধ বাংলা গড়াই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।”
মঞ্চ থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আপনার হাতে এখন অনেক সময় আছে। একদিন এসে এই প্ল্যান্টটা ঘুরে দেখে যান। মাড়োয়ারি বা হিন্দিভাষী শিল্পপতিদের বহিরাগত বলবেন না। তাঁরা বাংলায় বিনিয়োগ করছেন, কর্মসংস্থান তৈরি করছেন।” শুভেন্দুর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় না এলে বহু শিল্পপতি বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এখন পরিস্থিতি বদলেছে, শিল্পপতিরা ফের বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী রবিবার হাওড়ার ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের উদ্বোধন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে প্ল্যান্টের উদ্বোধন করবেন। পাশাপাশি দুর্গাপুরে আরও ৪ হাজার কোটি টাকার নতুন শিল্প বিনিয়োগের কথাও ঘোষণা করেন তিনি। জানান, স্বাধীনতা দিবসের পর দুর্গাপুর সফরে গিয়ে সেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রীর দাবি, শিল্পপতি গোয়েঙ্কা ব্যাটারি প্ল্যান্ট-সহ আরও দুটি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। দুর্গাপুজোর আগেই হরিণঘাটায় বড় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। এছাড়াও দাদনপাত্রবাড়ে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পে আদানি গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।সরকারের দাবি, একের পর এক নতুন শিল্প প্রকল্পের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ টানা এবং শিল্পোন্নয়নের গতি আরও বাড়ানোই এখন মূল লক্ষ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *